সুপ্রিম কোর্ট বার নির্বাচনে শুরু হয়েছে ভোটযুদ্ধ

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে শুরু হয়েছে ভোটযুদ্ধ

ওয়ান নিউজ ডেস্ক:

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ মেয়াদের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার (১৩ মে) সকাল ১০টা থেকে সুপ্রিম কোর্ট বার ভবনে আইনজীবীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রথম দিনের ভোটগ্রহণ বিকেল ৫টা পর্যন্ত চলবে। তবে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এক ঘণ্টার বিরতি রাখা হয়েছে। আগামীকালও একই সময়সূচিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সভাপতি, সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির মোট ১৪টি পদে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪০ জন প্রার্থী। ভোটার তালিকায় রয়েছেন ১১ হাজারের বেশি আইনজীবী।

নির্বাচনে বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ‘নীল প্যানেল’ থেকে সভাপতি পদে লড়ছেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। সম্পাদক পদে রয়েছেন মোহাম্মদ আলী। এছাড়া সহ-সভাপতি, সহ-সম্পাদক ও সদস্য পদেও প্যানেলটির একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্যদিকে জামায়াতপন্থী আইনজীবীদের ‘সবুজ প্যানেল’ থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবদুল বাতেন। সম্পাদক পদে রয়েছেন এ কে এম রেজাউল করিম খন্দকার। প্যানেলটির অন্যান্য প্রার্থীরাও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নির্বাচনী লড়াইয়ে রয়েছেন।

ভোটকেন্দ্রে সকাল থেকেই আইনজীবীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। প্রার্থীরা ভোটারদের সমর্থন পেতে শেষ মুহূর্ত পর্যন্ত প্রচারণা চালিয়েছেন।

নির্বাচন ঘিরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আইনজীবীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি বাড়তি নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *