ওয়ান নিউজ ডেস্ক:
ভারতের পশ্চিমবঙ্গে পশু জবাই নিয়ে নতুন বিধিনিষেধ জারি করেছে রাজ্য সরকার। নতুন নির্দেশনায় প্রকাশ্য স্থানে গরুসহ বিভিন্ন গবাদিপশু জবাইয়ের ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
সরকারি নির্দেশনা অনুযায়ী, এখন থেকে নির্ধারিত প্রশাসনিক অনুমতি ও সরকারি পশু চিকিৎসকের ফিটনেস সনদ ছাড়া কোনো পশু জবাই করা যাবে না। নিয়ম ভঙ্গ করলে জেল ও জরিমানার বিধানও রাখা হয়েছে।
নতুন নীতিমালায় বলা হয়েছে, জবাইয়ের জন্য বিবেচিত পশুর বয়স নির্দিষ্ট সীমার বেশি হতে হবে এবং সেটি কর্মক্ষম বা প্রজননের উপযোগী না হলে তবেই অনুমোদন দেওয়া হবে। গুরুতর অসুস্থতা, বিকলাঙ্গতা বা স্থায়ী অক্ষমতার ক্ষেত্রেও বিশেষ বিবেচনা করা হতে পারে।
এছাড়া পশু জবাই শুধুমাত্র অনুমোদিত কসাইখানা বা নির্ধারিত স্থানে করার নির্দেশ দেওয়া হয়েছে। জনসমাগমপূর্ণ এলাকা, রাস্তা বা খোলা স্থানে পশু জবাইকে আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে।
নিয়ম বাস্তবায়নে স্থানীয় প্রশাসন, পৌর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের তদারকির ক্ষমতাও দেওয়া হয়েছে। প্রয়োজনে তারা বিভিন্ন স্থানে পরিদর্শন চালাতে পারবেন।
রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর সরকারের এই সিদ্ধান্ত নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, এই বিধিনিষেধ সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।

