আইনজীবীর পোশাকে হাইকোর্টে মমতা, ভোট-পরবর্তী সহিংসতা নিয়ে সরব সাবেক মুখ্যমন্ত্রী

আইনজীবীর পোশাকে হাইকোর্টে মমতা, ভোট-পরবর্তী সহিংসতা নিয়ে সরব সাবেক মুখ্যমন্ত্রী

আদালতে দাঁড়িয়ে রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ

ওয়ান নিউজ ডেস্ক:
পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার ঘটনায় এবার সরাসরি আদালতে হাজির হলেন সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে আইনজীবীর পোশাকে উপস্থিত হয়ে একটি মামলায় নিজেই সওয়াল করেন তিনি।

বিধানসভা নির্বাচনের পর বিভিন্ন এলাকায় সহিংসতা ও হামলার অভিযোগ তুলে দায়ের করা মামলার শুনানিতে অংশ নেন তৃণমূল কংগ্রেস নেত্রী। আদালতে তিনি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

শুনানিকালে মমতা দাবি করেন, রাজ্যের বিভিন্ন এলাকায় নারী, শিশু ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হামলা ও ভয়ভীতির শিকার হচ্ছেন। তিনি আদালতে কয়েকজন নিহত ব্যক্তির তালিকাও জমা দেন। পাশাপাশি প্রবীণ নারী নির্যাতন ও বাড়িঘর ভাঙচুরের ঘটনাও তুলে ধরেন।

সাবেক মুখ্যমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। তিনি অভিযোগ করেন, অনেক ক্ষেত্রে থানায় অভিযোগ গ্রহণেও বাধার মুখে পড়ছেন ভুক্তভোগীরা।

আদালতে বক্তব্য দেওয়ার সময় তিনি জানান, আইনজীবী হিসেবে হাইকোর্টে এটি তার প্রথম উপস্থিতি। ন্যায়বিচার ও মানুষের অধিকার রক্ষার জন্য তিনি এই লড়াই চালিয়ে যাবেন বলেও মন্তব্য করেন।

এদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, সংকটের সময় জনগণের পাশে দাঁড়াতেই আদালতে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিজেপির দাবি, রাজ্যের চলমান সংঘাত মূলত তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফল।

রাজ্যের বিভিন্ন এলাকায় রাজনৈতিক উত্তেজনা অব্যাহত থাকায় এখন হাইকোর্টের পরবর্তী নির্দেশনার দিকেই নজর রাখছে রাজনৈতিক মহল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *