খাল পুনঃখনন উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ ও দলীয় সভায় অংশ নেবেন
ওয়ান নিউজ ডেস্ক:
বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে শনিবার চাঁদপুর সফরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি সফরের উদ্দেশ্যে রওনা দেন।
সফরসূচি অনুযায়ী, পথে কুমিল্লার বরুড়া উপজেলায় একটি পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
এরপর চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় খোর্দ্দ খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। স্থানীয়দের দীর্ঘদিনের পানি নিষ্কাশন ও কৃষি সমস্যার সমাধানে এ খাল পুনঃখনন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
দুপুরে চাঁদপুর সদর উপজেলার কুমারডুগী এলাকায় আরেকটি খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধনেও অংশ নেবেন তিনি। সরকারের চলমান পানি ব্যবস্থাপনা ও কৃষি সহায়ক কর্মসূচির অংশ হিসেবেই এসব প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে বলে জানা গেছে।
পরে চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে সুবিধাভোগী পরিবারগুলোর মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করবেন প্রধানমন্ত্রী। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় এ উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার।
দিনের শেষভাগে চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। সেখানে দলীয় সাংগঠনিক কার্যক্রম, স্থানীয় রাজনীতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে বলে দলীয় সূত্র জানিয়েছে।
সব কর্মসূচি শেষে সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে ফিরবেন প্রধানমন্ত্রী।

