এক টন ওজনের ব্রাহমা ষাঁড় দেখতে খামারে ভিড়, দাম হাঁকা ১৪ লাখের বেশি
ওয়ান নিউজ ডেস্ক:
ঈদুল আজহা ঘিরে জমে উঠতে শুরু করেছে দেশের কোরবানির পশুর বাজার। আর সেই বাজারে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে যশোরের একটি বিশালাকৃতির ব্রাহমা ষাঁড়, যার নাম রাখা হয়েছে ‘বিসিএস ক্যাডার’। ব্যতিক্রমী এই নাম ও বিশাল দেহের কারণে গরুটি দেখতে প্রতিদিনই ভিড় করছেন নানা বয়সী মানুষ।
যশোর সদর উপজেলার সীতারামপুর এলাকার খামারি মহিদুল জামান কাজল তার খামারে বিশেষ যত্নে গরুটি লালন-পালন করছেন। পেশায় সরকারি চাকরিজীবী হলেও দীর্ঘদিন ধরে গরুর খামার পরিচালনা করছেন তিনি। বর্তমানে তার খামারে রয়েছে কয়েক ডজন গরু, তবে সবচেয়ে বেশি আকর্ষণ তৈরি করেছে ‘বিসিএস ক্যাডার’।
খামারির ভাষ্য, প্রায় এক হাজার কেজি ওজনের এই গরুটির দাম ধরা হয়েছে ১৪ লাখ ৫০ হাজার টাকা। বিশেষ পরিচর্যা ও দীর্ঘ সময়ের যত্নের কারণে গরুটির এমন নামকরণ করা হয়েছে বলে জানান তিনি।
গরুটির পরিচর্যায় রয়েছে আলাদা ব্যবস্থা। নিয়মিত গোসল, পরিচ্ছন্ন পরিবেশ, ফ্যানের ব্যবস্থা ও মশা থেকে সুরক্ষার জন্য বিশেষ নজর দেওয়া হচ্ছে। খাবারের তালিকায় রাখা হয়েছে সবুজ ঘাস, ভুট্টা, গম, ছোলা, খৈলসহ পুষ্টিকর খাদ্য।
খামারি কাজল জানান, গরুগুলোর পেছনে প্রতিদিন উল্লেখযোগ্য পরিমাণ খরচ হয়। তবে তিনি দাবি করেন, কোনো ধরনের ক্ষতিকর ওষুধ বা দ্রুত মোটাতাজাকরণের পদ্ধতি ব্যবহার করা হয়নি।
খামারে আরও কয়েকটি বড় আকৃতির গরু রয়েছে, যেগুলোর দামও কয়েক লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। কোরবানির ঈদ সামনে রেখে এসব গরু ইতোমধ্যে স্থানীয় বাজারে আলোচনায় এসেছে।
এদিকে জেলা প্রাণিসম্পদ দপ্তর জানিয়েছে, চলতি বছর যশোরে কোরবানির জন্য পর্যাপ্ত পশু প্রস্তুত রয়েছে। স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি দেশের বিভিন্ন জেলাতেও পশু সরবরাহ করা হবে।
প্রাণিসম্পদ কর্মকর্তারা বলছেন, খামারিদের উৎপাদন ব্যয় বাড়লেও দেশীয়ভাবে কোরবানির পশুর সরবরাহে কোনো ঘাটতি হবে না। বিশেষ করে যশোরের গরুর চাহিদা দেশের বিভিন্ন অঞ্চলে বরাবরই বেশি।

