মুখ্যমন্ত্রী হয়ে সীমান্ত ও অনুপ্রবেশ নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

মুখ্যমন্ত্রী হয়ে সীমান্ত ও অনুপ্রবেশ নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

ওয়ান নিউজ ডেস্ক | কলকাতা

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পর থেকেই সীমান্ত নিরাপত্তা ও অনুপ্রবেশ ইস্যুতে কঠোর অবস্থানের বার্তা দিচ্ছেন। সোমবার (১৮ মে) কলকাতার ভবানীপুর ও ক্যামাক স্ট্রিট এলাকায় আয়োজিত এক ধন্যবাদ সমাবেশে তিনি সীমান্ত পরিস্থিতি, অনুপ্রবেশ এবং আইনশৃঙ্খলা নিয়ে একাধিক কঠোর মন্তব্য করেন।

সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে ভবানীপুর আসনে জয় পাওয়ার পর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানাতে এই কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে বক্তব্য দিতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, সীমান্তকে আরও শক্তিশালী করা হবে এবং যাদের অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হবে, তাদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি দাবি করেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই সীমান্ত ইস্যুতে বিভিন্ন মহলে অস্বস্তি তৈরি হয়েছে। একই সঙ্গে তিনি জানান, রাজ্যের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে।

সাম্প্রতিক সময়ে কলকাতার পার্ক সার্কাস ও আসানসোলে বিক্ষোভ চলাকালে পুলিশের ওপর হামলার ঘটনাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ভাঙচুর, হামলা বা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।

শুভেন্দু অধিকারী আরও বলেন, সীমান্ত এলাকায় কাঁটাতারের কাজ দ্রুত সম্পন্ন করতে কেন্দ্রীয় সংস্থাগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। পাশাপাশি ভোটার তালিকা থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের নাম যাচাইয়ের কাজও চলছে বলে জানান তিনি।

এদিকে মন্ত্রিসভার বৈঠকে ধর্মভিত্তিক বিভিন্ন ভাতা ও বিশেষ প্রকল্প পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেওয়ার কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তার ভাষায়, সরকারি অর্থ এমন খাতে ব্যয় করা হবে যেখানে সব ধর্ম ও শ্রেণির মানুষ সমানভাবে উপকৃত হতে পারবেন।

বক্তব্যের একপর্যায়ে তিনি তৃণমূল কংগ্রেসের সাবেক নেতৃত্ব ও প্রশাসনের কড়া সমালোচনাও করেন। দুর্নীতির অভিযোগে জড়িতদের বিরুদ্ধে তদন্তের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, যাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রয়েছে, তাদের আইনের আওতায় আনা হবে।

রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সীমান্ত ইস্যুতে শুভেন্দু অধিকারীর এই মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *