ওয়ান নিউজ ডেস্ক | মেহেরপুর
কোনো তদবির, সুপারিশ কিংবা দালালের সহায়তা ছাড়াই মেহেরপুরে বাংলাদেশ পুলিশে নিয়োগ পেয়েছেন ১২ জন তরুণ-তরুণী। মাত্র ১২০ টাকা সরকারি ফি দিয়ে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন তারা।
সোমবার (১৮ মে) রাতে মেহেরপুর পুলিশ লাইন্সে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও জেলার পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। নির্বাচিতদের মধ্যে ১১ জন তরুণ এবং একজন তরুণী রয়েছেন।
জেলা পুলিশ সূত্র জানিয়েছে, পুরো নিয়োগ কার্যক্রমকে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাখতে শুরু থেকেই বিশেষ নজরদারি রাখা হয়। চাকরিপ্রার্থীদের দালাল ও প্রতারকদের বিষয়ে সচেতন করতে সামাজিক যোগাযোগমাধ্যম, স্থানীয় গণমাধ্যম এবং মাইকিংয়ের মাধ্যমে প্রচারণাও চালানো হয়।
নিয়োগ পরীক্ষার বিভিন্ন ধাপ শেষে মেধা, শারীরিক সক্ষমতা ও যোগ্যতার ভিত্তিতে চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার মাধ্যমে যাচাই করা হয়।
চাকরি পাওয়া কয়েকজন তরুণ জানান, অতিরিক্ত অর্থ ব্যয় বা প্রভাবশালী কারও সহায়তা ছাড়াই নিজেদের যোগ্যতায় চাকরি পাওয়ায় তারা অত্যন্ত আনন্দিত। তাদের অভিভাবকরাও এ নিয়োগ প্রক্রিয়াকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন।
পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, বর্তমানে বাংলাদেশ পুলিশে নিয়োগ সম্পূর্ণ মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন হচ্ছে। কোনো ধরনের অনিয়ম বা সুপারিশের সুযোগ নেই। যোগ্য প্রার্থীদেরই বেছে নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
স্থানীয়দের মতে, স্বচ্ছ এই নিয়োগ প্রক্রিয়া তরুণদের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে এবং সরকারি চাকরি নিয়ে মানুষের আস্থা আরও বাড়াবে।

