কুরবানির চামড়া রক্ষায় মাঠে সরকার, থাকছে ফ্রি লবণ ও বিশেষ ঋণ সুবিধা

কুরবানির চামড়া রক্ষায় মাঠে সরকার, থাকছে ফ্রি লবণ ও বিশেষ ঋণ সুবিধা

ওয়ান নিউজ ডেস্ক | ঢাকা

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুরবানির পশুর চামড়া সংরক্ষণ ও চামড়া শিল্পকে সচল রাখতে একাধিক উদ্যোগ হাতে নিয়েছে সরকার। বিনামূল্যে লবণ বিতরণ, ব্যবসায়ীদের জন্য বিশেষ ঋণ সুবিধা এবং চামড়া শিল্পনগরীতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার মতো পদক্ষেপ নেওয়া হয়েছে।

চামড়া শিল্প সংশ্লিষ্ট টাস্কফোর্স সূত্রে জানা গেছে, কুরবানির সময় কাঁচা চামড়া নষ্ট হওয়া ঠেকাতে সারাদেশের মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে সরকারি ব্যবস্থাপনায় বিনামূল্যে লবণ সরবরাহ করা হবে। এ জন্য ইতোমধ্যে কয়েক কোটি টাকার লবণ সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।

চামড়া সংরক্ষণের পাশাপাশি কুরবানির পশুর চামড়া সঠিকভাবে ছাড়ানো ও প্রক্রিয়াজাত করতে শ্রমিক ও মসজিদের ইমামদের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, দক্ষতা বাড়লে চামড়ার গুণগত মানও উন্নত হবে।

সরকারি হিসাবে, গত বছর লাখ লাখ চামড়া সংরক্ষণে সফলতা এসেছে লবণ বিতরণ কর্মসূচির মাধ্যমে। এবারও সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আরও বিস্তৃত পরিসরে কার্যক্রম চালানো হবে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে কোরবানিযোগ্য পশুর সংখ্যা এক কোটির বেশি। ফলে চামড়া সংরক্ষণে বিপুল পরিমাণ লবণের প্রয়োজন হবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে চামড়া ব্যবসায়ীদের আর্থিক সংকট কাটাতে বিশেষ ঋণ সুবিধা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, পূর্বের খেলাপি ঋণ থাকা ব্যবসায়ীরাও নির্দিষ্ট সময় পর্যন্ত নতুন মূলধনী ঋণ পাওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি ব্যাংকগুলোকে চামড়া খাতে ঋণ বিতরণে নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে।

চামড়া শিল্পের উৎপাদন কার্যক্রম সচল রাখতে সাভারের বিসিক চামড়া শিল্পনগরীতে ঈদের পরবর্তী কয়েক মাস নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের উদ্যোগ নেওয়া হয়েছে। শিল্পাঞ্চলের সিইটিপি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতেও আলাদা বিদ্যুৎ সুবিধা রাখার সুপারিশ করা হয়েছে।

সরকারের আশা, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে কোরবানির মৌসুমে চামড়া নষ্ট হওয়ার হার কমবে এবং চামড়া শিল্পে নতুন গতি ফিরবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *