সান ডিয়াগোর মসজিদে ভয়াবহ গুলিবর্ষণ, নিহত ৫

সান ডিয়াগোর মসজিদে ভয়াবহ গুলিবর্ষণ, নিহত ৫

ওয়ান নিউজ ডেস্ক | আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়াগো শহরের একটি মসজিদকে কেন্দ্র করে ভয়াবহ গুলির ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন এক নিরাপত্তাকর্মী এবং হামলার সঙ্গে জড়িত সন্দেহভাজন দুই কিশোরও।

স্থানীয় সময় সোমবার সান ডিয়াগোর বৃহত্তম মসজিদ ইসলামিক সেন্টার অব সান ডিয়াগো এলাকায় এ ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, হামলার পর সন্দেহভাজন দুই কিশোরকে একটি গাড়ির ভেতরে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা নিজেদের অস্ত্রের গুলিতেই মারা গেছে।

ঘটনার পরপরই পুরো এলাকা ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। সান ডিয়াগো পুলিশ জানিয়েছে, ঘটনাটিকে ঘৃণাজনিত অপরাধ হিসেবে বিবেচনা করে তদন্ত শুরু করেছে এফবিআই ও স্থানীয় কর্তৃপক্ষ।

পুলিশের তথ্যমতে, হামলার সময় মসজিদ প্রাঙ্গণে একটি দিবা বিদ্যালয়ে অনেক শিশু উপস্থিত ছিল। তবে তারা সবাই নিরাপদ রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে সান ডিয়াগো পুলিশের প্রধান স্কট ওয়াল জানান, হামলার কিছুক্ষণ আগে সন্দেহভাজনদের একজনের মা পুলিশকে ফোন করে ছেলের আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি জানান, তার ছেলে কয়েকটি অস্ত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং আত্মহত্যাপ্রবণ আচরণ করছিল।

পরে পুলিশ বিভিন্ন এলাকায় সতর্কতামূলক টহল জোরদার করে। এর মধ্যেই মসজিদ এলাকায় গুলির খবর আসে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তিনজনের মরদেহ উদ্ধার করে। পরে কাছাকাছি এলাকায় একটি গাড়ির ভেতর থেকে দুই সন্দেহভাজনের মরদেহ পাওয়া যায়।

নিহত নিরাপত্তাকর্মী হামলার সময় আরও বড় ক্ষয়ক্ষতি ঠেকাতে সাহসিকতার পরিচয় দিয়েছেন বলে ধারণা করছে পুলিশ।

ইসলামিক সেন্টারের পরিচালক ও ইমাম তাহা হাসান বলেন, একটি উপাসনালয়কে লক্ষ্য করে এমন হামলা অত্যন্ত উদ্বেগজনক ও বেদনাদায়ক। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তা জোরদারের দাবি জানান।

ঈদুল আজহার আগে যুক্তরাষ্ট্রে মুসলিম সম্প্রদায়কে ঘিরে এ ধরনের ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে স্থানীয় মুসলিম সমাজে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *