ওয়ান নিউজ ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার একদিনের মধ্যেই চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সোমবার প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুর রহমান স্বাক্ষর করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী রাজনৈতিক দলে যোগ দেওয়াকে সংগঠনের গঠনতন্ত্রের পরিপন্থী বিবেচনা করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতারা জানান, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্দেশনা এবং জেলা ইউনিটের অনুমোদনের ভিত্তিতে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনকে বহিষ্কার করা হয় এবং বিষয়টি কেন্দ্রীয় কাউন্সিলকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
এর আগে শনিবার রাতে মতলবের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত যুব ও সুধী সমাবেশে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন। অনুষ্ঠানে তিনি দলের সহযোগী সদস্য ফরম পূরণ করেন এবং দলের আদর্শের প্রতি সমর্থন ব্যক্ত করেন।
ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কুমিল্লা দক্ষিণ জেলার সহকারী সেক্রেটারি ও চাঁদপুর-২ আসনের সম্ভাব্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ডা. আবদুল মুবিন। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীও সেখানে উপস্থিত ছিলেন।
দলে যোগদানের পর ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন বলেন, কোরআন ও সুন্নাহভিত্তিক রাষ্ট্র পরিচালনার প্রত্যাশা থেকেই তিনি এই রাজনৈতিক দলে যুক্ত হয়েছেন।

