ওয়ান নিউজ ডেস্ক
নতুন করে কোনো সামরিক হামলা চালানো হলে যুক্তরাষ্ট্রকে আরও বড় ধরনের ‘সারপ্রাইজ’ দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ভবিষ্যতে সংঘাত শুরু হলে আরও বেশি মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করার সক্ষমতা ও প্রস্তুতি তেহরানের রয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় আরাগচি দাবি করেন, ইরানের সশস্ত্র বাহিনী প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার সক্ষমতা প্রদর্শন করেছে।
তিনি বলেন, সাম্প্রতিক সামরিক উত্তেজনা থেকে ইরান গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছে। ভবিষ্যতে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে যুক্তরাষ্ট্রের জন্য আরও বড় ধাক্কা অপেক্ষা করছে বলেও মন্তব্য করেন তিনি।
নিজের বক্তব্যের সমর্থনে আরাগচি মার্কিন কংগ্রেসের গবেষণা সংস্থা ‘কংগ্রেসনাল রিসার্চ সার্ভিস’-এর একটি সাম্প্রতিক প্রতিবেদনের উল্লেখ করেন। তার দাবি, ওই প্রতিবেদনে সংঘাত চলাকালে একাধিক মার্কিন যুদ্ধবিমান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানবিরোধী সামরিক অভিযান শুরু করে। এরপর বিভিন্ন হামলায় ড্রোনসহ অন্তত ৪২টি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়। যদিও এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে যুদ্ধবিরতি ও সমঝোতার জন্য সীমিত সময় বেঁধে দিয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, চলমান উত্তেজনার মধ্যেও দুই পক্ষের আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান এই উত্তেজনা আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

