রেজাউল ইসলাম মাসুদ, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁও শহরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন। এ মৃত্যুতে তাদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। বুধবার (২০ মে) সকাল ৭টার দিকে শহরের মুন্সিরহাট এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের বাসিন্দা ঋষিকেশ রায় লিটনের ছেলে ঋত্বিক (২৫) ও একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে আশিক (২৫)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সকালে দ্রুতগামী একটি মোটরসাইকেলে করে বাড়ি থেকে দুই বন্ধু ঋত্বিক ও আশিক ঠাকুরগাঁও শহরের দিকে যাচ্ছিলেন। পথে মুন্সিরহাট এলাকায় পৌঁছলে সড়কের একটি বাঁক অতিক্রম করতে গিয়ে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এসময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে ঋত্বিকের মৃত্যু হয়।
এদিকে স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত অবস্থায় আশিককে উদ্ধার করে ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণের মধ্যে আশিকেরও মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা সিরাজুল ইসলাম বলেন, অনেক দ্রুতগতিতে মোটরসাইকেলটি চালাচ্ছিল। দ্রুতগতিতে বাইকটি চালানোর কারণে এ দুর্ঘটনা। এমন মৃত্যু আমরা কেউ চাই না।
ঠাকুরগাঁও সদর থানার ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন, এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় অপমৃত্যুর একটি মামলা দায়ের করা হয়েছে।

