আসছে সমন্বিত ‘ফ্যামিলি ট্রি’, এক কার্ডেই মিলবে সব সামাজিক সুবিধা

আসছে সমন্বিত ‘ফ্যামিলি ট্রি’, এক কার্ডেই মিলবে সব সামাজিক সুবিধা

ওয়ান নিউজ ডেস্ক

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে স্বচ্ছতা ও সমন্বয় আনতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এর অংশ হিসেবে চালু করা হচ্ছে ‘ফ্যামিলি ট্রি’ নামে একটি সমন্বিত ডিজিটাল নেটওয়ার্কিং ব্যবস্থা, যেখানে একটি কার্ড ও কিউআর কোডের মাধ্যমেই মিলবে সব ধরনের সামাজিক সুরক্ষা সুবিধা।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন জানিয়েছেন, নতুন এই ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন মন্ত্রণালয়ের আওতাধীন সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলোকে একটি কেন্দ্রীয় ডিজিটাল প্ল্যাটফর্মের আওতায় আনা হবে। ফলে একই ব্যক্তি বা পরিবার একাধিক ভাতা নেওয়ার সুযোগ বন্ধ হবে এবং প্রকৃত উপকারভোগীরা সরাসরি রাষ্ট্রীয় সহায়তা পাবেন।

তিনি বলেন, ‘ফ্যামিলি ট্রি’ মূলত একটি পারিবারিক তথ্যভাণ্ডার হিসেবে কাজ করবে। এতে একটি পরিবারের সদস্যরা কোন কোন সরকারি সুবিধা পাচ্ছেন, তা একক ডিজিটাল পরিচয়ের মাধ্যমে সহজেই জানা যাবে।

সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির অগ্রগতি তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, আগামী জুনের মধ্যে ৮০ হাজার মানুষের কাছে এই কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে। বর্তমানে পরীক্ষামূলক বা পাইলট প্রকল্পের মাধ্যমে বিভিন্ন এলাকায় কার্ড বিতরণ কার্যক্রম চলছে।

তিনি আরও জানান, উপকারভোগী নির্বাচন করা হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতিতে ‘প্রক্সি মিনস টেস্ট’ (পিএমটি) অনুসরণ করে। আবেদনকারীর জীবনযাত্রার মান, বাসস্থানের অবস্থা ও অন্যান্য সামাজিক সূচক বিবেচনায় নিয়ে স্কোর নির্ধারণ করা হচ্ছে। নির্দিষ্ট স্কোরের নিচে থাকা অতি দরিদ্র পরিবারগুলোই এই সুবিধার আওতায় আসবে।

প্রতিমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হলো ইউরোপ ও আমেরিকার মতো পূর্ণাঙ্গ ডিজিটাল সোশ্যাল কার্ড ব্যবস্থা গড়ে তোলা। ভবিষ্যতে কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ডসহ অন্যান্য সামাজিক নিরাপত্তা কর্মসূচিকেও একই প্ল্যাটফর্মে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, বর্তমানে যারা বয়স্ক, বিধবা বা অন্যান্য ভাতা পাচ্ছেন, তারা নতুন ফ্যামিলি কার্ড নিতে চাইলে আগের কম অঙ্কের ভাতা ত্যাগ করতে হতে পারে। তবে একই পরিবারের অন্য সদস্যদের ভাতা চালু থাকবে।

ফারজানা শারমিন আরও বলেন, এই ব্যবস্থার মাধ্যমে ভাতা বিতরণে স্বচ্ছতা নিশ্চিত হবে এবং কারও নামে বরাদ্দকৃত অর্থ অন্যের হিসাবে চলে যাওয়ার মতো অনিয়ম বন্ধ করা সম্ভব হবে। পুরো ডেটাবেজ জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সঙ্গে সংযুক্ত থাকবে।

ফ্যামিলি কার্ড নিয়ে কোনো ধরনের অনিয়ম বা মধ্যস্বত্বভোগীদের তৎপরতা বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, যেখানে অভিযোগ পাওয়া যাচ্ছে, সেখানেই দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সরকার এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *