ওয়ান নিউজ ডেস্ক:
যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও লেবানন ও সিরিয়া সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে দক্ষিণ লেবাননের কয়েকটি এলাকা ও সিরিয়া সীমান্তসংলগ্ন অঞ্চলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার মধ্যরাতের আগে লেবাননের ব্রিতাল এলাকার পাহাড়ি অঞ্চলে একাধিক বিমান হামলা চালানো হয়। দীর্ঘ এক মাসের বেশি সময় পর ওই এলাকায় আবার হামলার ঘটনা ঘটলো।
এ ছাড়া দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ ও মারজাইউন অঞ্চলের কয়েকটি শহরেও বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ায় অনেকে নিরাপদ আশ্রয়ের খোঁজে এলাকা ছাড়তে শুরু করেছেন।
এর আগে দক্ষিণ লেবাননের একটি হাসপাতালের আশপাশেও হামলা চালানো হয়। এতে হাসপাতালের কয়েকটি বিভাগ ও অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।
শুক্রবার রাত থেকে ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের কিছু এলাকা খালি করার নির্দেশ দেয়। পরে বহু মানুষ বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, তারা জানেন না কবে আবার নিজ বাড়িতে ফিরতে পারবেন।
প্রতিবেদনে বলা হয়েছে, চলমান সংঘাতে লেবাননে এখন পর্যন্ত তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশু, নারী ও চিকিৎসাকর্মীও রয়েছেন। যুদ্ধবিরতির ঘোষণা এলেও হামলা পুরোপুরি বন্ধ হয়নি বলে অভিযোগ উঠেছে।

