ঈদযাত্রার প্রথম দিনেই সড়কে প্রাণ গেল ১২ জনের

ঈদযাত্রার প্রথম দিনেই সড়কে প্রাণ গেল ১২ জনের

ওয়ান নিউজ ডেস্ক:
ঈদযাত্রা শুরু হতেই দেশের বিভিন্ন জেলায় একাধিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত কুষ্টিয়া, দিনাজপুর, যশোর, ফরিদপুর ও গাজীপুরে এসব দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও অনেকে।

ঈদ উপলক্ষে ট্রেন, সড়ক ও নৌপথে ঘরমুখো মানুষের চাপ বাড়ার মধ্যেই দুর্ঘটনাগুলো ঘটে। সকালে ঢাকা থেকে বিশেষ ব্যবস্থায় ট্রেন চলাচল শুরু হওয়ার পর রাজধানী ছাড়তে শুরু করেন হাজারো যাত্রী।

কুষ্টিয়ার খোকসায় যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের সংঘর্ষে বাসটি খাদে পড়ে যায়। এতে এক নারীসহ চারজন নিহত হন এবং অন্তত ২০ জন আহত হন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহীর মৃত্যু হয়েছে। স্থানীয় পুলিশ জানায়, মহাসড়কে ওঠার সময় দ্রুতগতির ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

যশোর-খুলনা মহাসড়কে কাভার্ডভ্যান, ইজিবাইক ও ভ্যানের সংঘর্ষে তিনজন প্রাণ হারান। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন, যাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়ক পার হওয়ার সময় দূরপাল্লার বাসের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

এদিকে গাজীপুরের কালিয়াকৈরে চলন্ত ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় একজন নিহত এবং আরও দুজন আহত হয়েছেন। পরে পেছন থেকে আরেকটি বাস ধাক্কা দিলে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়।

সংশ্লিষ্ট থানা ও হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাগুলোর বিষয়ে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *