ওয়ান নিউজ ডেস্ক
ঢাকা: দেশজুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে হাম ও এর উপসর্গজনিত রোগের প্রাদুর্ভাব। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, বুধবার (২৭ মে) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে হামের বিভিন্ন উপসর্গ নিয়ে আরও ৫টি শিশু প্রাণ হারিয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ১১৮ জন শিশু এই রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। আজ বিকেলে অধিদপ্তরের হাম-বিষয়ক নিয়মিত হালনাগাদ প্রতিবেদনে এই উদ্বেগের চিত্র উঠে আসে।
সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫টি শিশুর শরীরে হামের স্পষ্ট উপসর্গ থাকলেও ল্যাব টেস্টে তা শতভাগ নিশ্চিত হওয়া যায়নি। তবে পরিসংখ্যান বলছে, গত ১৫ মার্চ থেকে শুরু করে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৪৭২ জন এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৮৮ জন শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে গত আড়াই মাসে এই রোগে প্রাণ হারিয়েছে মোট ৫৬০টি শিশু।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৬২টি শিশু এবং হামের লক্ষণ বা উপসর্গ দেখা দিয়েছে আরও ১ হাজার ৫৬ জনের শরীরে। এই সময়ের মধ্যে তীব্র অসুস্থতা নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ৯৩৩ জন শিশু। তবে আশার কথা হলো, চিকিৎসা শেষে একই দিনে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছে ১ হাজার ১০৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সামগ্রিক হিসাব মতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ হাজার ৭৯ জনে, যার মধ্যে ৮ হাজার ৮৩৪ জনের দেহে এই ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মোট ৫৩ হাজার ৪৬৩ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং চিকিৎসা শেষে ইতোমধ্যে ৪৯ হাজার ৯০৩ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন।

