ওয়ান নিউজ ডেস্ক:
দেশের পর্যটন শিল্পকে আরও চাঙা করতে বিশ্বের ৪০টি দেশের নাগরিকদের জন্য ভিসা ফি মওকুফের ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কা সরকার, তবে এই বিশেষ সুবিধার তালিকায় প্রতিবেশি ভারত, নেপাল ও পাকিস্তান জায়গা পেলেও বাদ পড়েছে বাংলাদেশ। গত ২৫ মে থেকে কার্যকর হওয়া এই নতুন ইলেকট্রনিক ট্রাভেল অথোরাইজেশন (ইটিএ) নীতির আওতায় তালিকাভুক্ত দেশগুলোর পর্যটকেরা কোনো প্রকার ফি ছাড়াই এক মাসের জন্য দেশটিতে ভ্রমণের সুযোগ পাবেন, যার মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, ফ্রান্স, জার্মানি ও জাপানের মতো বড় দেশগুলোও রয়েছে। তবে বাংলাদেশ, আফগানিস্তান ও ভুটানের নাগরিকদের আগের নিয়মেই সার্কভুক্ত দেশ হিসেবে নির্ধারিত ২০ মার্কিন ডলার ফি দিয়ে ভিসা নিতে হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের সেপ্টেম্বরে পরীক্ষামূলকভাবে চালু করা এই ফ্রি-ভিসা কার্যক্রমের বড় সফলতার পরই শ্রীলঙ্কা সরকার এর পরিধি বাড়িয়ে ৪০টি দেশে সম্প্রসারণের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে।

