ওয়ান নিউজ ডেস্ক: মাদারল্যান্ড বা মাতৃভূমি বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে দেশের প্রতিটি নাগরিককে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি জোর দিয়ে বলেন, পুরুষদের পাশাপাশি নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা না গেলে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। আর সেই লক্ষ্যেই সরকার গঠনের এক মাসের মধ্যেই ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির বাস্তবায়ন শুরু করা হয়েছে। বর্তমান সরকার সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে দৃঢ়ভাবে বিশ্বাসী।
বুধবার সিলেটের শ্রীমঙ্গলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
বাজেটের নানাদিক তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বাজেটে সাধারণ খেটে খাওয়া মানুষের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, শিক্ষার্থীদের ক্রীড়া চর্চা ও চিকিৎসাসহ একাধিক জনকল্যাণমূলক খাতে বড় অঙ্কের বরাদ্দ রাখা হয়েছে। তবে এই গণমুখী বাজেট অনেকের পছন্দ হয়নি। কিছু মানুষ এই বাজেটকে ‘চানাচুর’ বা ‘গণবিরোধী’ বলে কটাক্ষ করছেন। যে বাজেট সরাসরি মানুষের ভাগ্য বদলানোর চেষ্টা করছে, তাকে চানাচুর বলা অত্যন্ত দুঃখজনক।
তিনি তাঁর নির্বাচনী প্রতিশ্রুতির কথা স্মরণ করে আরও বলেন, “আমাদের নির্বাচনী প্রচারণার সূচনা হয়েছিল সিলেটের এই পুণ্যভূমি থেকেই। সেসময় হবিগঞ্জের এক জনসভায় আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে, চা বাগানের মেহনতি নারী শ্রমিকদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে। আজ শ্রীমঙ্গলের মাটিতে দাঁড়িয়ে সেই দেওয়া কথা ও প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।”

