ওয়ান নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে মো. আলী হুসেন (৩২) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত বুধবার (১৭ জুন) রাতে বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) আওতাধীন বিওসিটিলা বিওপির একটি বিশেষ দল সীমান্ত পিলার ১৩৮৯/এম থেকে প্রায় ৩ কিলোমিটার ভেতরে মাধবকুণ্ড নামক স্থান থেকে তাঁকে আটক করে। আটক আলী হুসেন ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার পাথারকান্দি থানার দক্ষিণ কেফটি গ্রামের সাব উদ্দিনের ছেলে। তল্লাশি চালিয়ে বিজিবি তাঁর কাছ থেকে ভারতীয় নির্বাচন কমিশনের পরিচয়পত্র, ভারতীয় ট্যাক্স পেমেন্ট কার্ড এবং আধার কার্ড উদ্ধার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন যে তিনি মোবাইল ফোনের ডিসপ্লে-সংক্রান্ত ব্যবসায়িক কাজের উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আতাউর রহমান ভারতীয় নাগরিক আটকের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

