ওয়ান নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত কর্মসূচি রুখে দিতে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় একটি ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে এই প্রতিবাদের আয়োজন করা হয়। মিছিলটি ধানমন্ডি ৩২ নম্বর সিগন্যাল এলাকা থেকে শুরু হয়ে ধানমন্ডি ২৭ নম্বর মোড় প্রদক্ষিণ করে এবং পুনরায় একই এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ধানমন্ডি থানা জামায়াতের আমির মুস্তাফিজুর রহমান ও সেক্রেটারি মুজাহিদুল ইসলাম শাহিন। এতে আরও উপস্থিত ছিলেন ধানমন্ডি থানা কর্মপরিষদের অন্যতম সদস্য আনিসুজ্জামান এবং কলাবাগান থানা জামায়াতের আমির জাহিনুর রহমানসহ স্থানীয় অন্যান্য বিপুলসংখ্যক নেতাকর্মী। সমাবেশ থেকে নেতারা ফ্যাসিবাদ ও নিষিদ্ধ সংগঠনের যেকোনো ধরনের অপতৎপরতা রাজপথে কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা দেন।

