ফটিকছড়ি সীমান্তে অবৈধ অনুপ্রবেশ: ভারতীয় তরুণকে বিজিবির কাছে হস্তান্তর, মামলা দায়ের

ফটিকছড়ি সীমান্তে অবৈধ অনুপ্রবেশ: ভারতীয় তরুণকে বিজিবির কাছে হস্তান্তর, মামলা দায়ের

ওয়ান নিউজ ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার আঁধারমানিক সীমান্ত এলাকা থেকে পুটন মোল্ল (১৯) নামের এক ভারতীয় তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে সোমবার (২২ জুন) দিবাগত রাতে তাকে স্থানীয় থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সংবাদমাধ্যমকে এই আটকের বিষয়টি নিশ্চিত করেছেন রামগড় ৪৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সোমবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে আঁধারমানিক সীমান্ত চৌকির (বিওপি) একটি টহল দল সীমান্ত এলাকায় এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে। পরে স্থানীয় গ্রামবাসীদের সহযোগিতায় তাকে আটক করা হয়। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদেই তিনি স্বীকার করেন যে তিনি একজন ভারতীয় নাগরিক।

আটক ওই তরুণের নাম পুটন মোল্ল, তার বাবার নাম বাদল মোল্ল। তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম মহকুমার রামেন্দ্রনগর এলাকার বাসিন্দা। তবে কাঁটাতার পেরিয়ে কী উদ্দেশ্যে তিনি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

রামগড় ৪৩ বিজিবির কমান্ডিং অফিসার (সিও) বলেন, সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান ও অনুপ্রবেশ রোধে বিজিবির নিয়মিত নজরদারির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আটক যুবককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রাতেই ভুজপুর থানা পুলিশের হেফাজতে হস্তান্তর করা হয়েছে। একইসঙ্গে অবৈধ অনুপ্রবেশের অপরাধে তার বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *