ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নে সালিশি বৈঠকে হামলায় নিহত বিশিষ্ট সালিশকারক ও বিএনপির শ্রমিকদল নেতা জাহাঙ্গীর আলম হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও এলাকাবাসী।
মঙ্গলবার (২৪ জুন) বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়কে নিহত জাহাঙ্গীর আলমের পরিবার ও সুলতানপুর চার রাস্তার মোড়ে এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে নিহত জাহাঙ্গীর আলমের বড় ছেলে হৃদয় মিয়া, ভাই মাসুম মিয়া, মোঃ তানজিন আহমেদসহ স্থানীয়রা বক্তব্য দেন।
বক্তারা বলেন, সালিশি বৈঠককে কেন্দ্র করে পরিকল্পিতভাবে জাহাঙ্গীর আলমকে হত্যা করা হয়েছে। তারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসি কার্যকরের দাবি জানান।
এসময় বক্তারা অভিযোগ করেন, জামায়াত ইসলামের নেতা নাসিরের নির্দেশে আওয়ামী লীগ নেতা শিপন ও মাদক ব্যবসায়ী বাবু গংরা এ হত্যাকাণ্ডে ঘটিয়েছে।
পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কুমিল্লা-সিলেট মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে হত্যাকারীদের ফাঁসির দাবিতে স্লোগান দেয়।
উল্লেখ্য, গত ১৫ জুন সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর উত্তরপাড়া এলাকায় একটি সালিশি বৈঠকে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর আলমসহ কয়েকজন আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

