বিএনপির কর্মসূচির আগে গাংনীতে বিকট বিস্ফোরণ, বোমাসদৃশ বস্তু ও সার্কিট উদ্ধার

বিএনপির কর্মসূচির আগে গাংনীতে বিকট বিস্ফোরণ, বোমাসদৃশ বস্তু ও সার্কিট উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিলটনের গাংনী কার্যালয়ের পাশে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশের প্রস্তুতিকালে রবিবার (৬ সেপ্টেম্ব) বিকেলে এই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের আলামত দেখে টাইম বোমা বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করছেন অনেকে। অপরদিকে সমাবেশস্থল থেকে অবিষ্ফোরিত আরো ১ টি টাইম বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

জাভেদ মাসুদ মিল্টনের কার্যালয়ের পাশে নেতাকর্মীরা সমাবেশের জন্য জড়ো হচ্ছিলেন। আকস্মিকভাবে বিকট শব্দে দুটি বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন আশেপাশের লোকজন। বিস্ফোরণের পর সাদা ধোয়া দেখা যায়। আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে বিস্ফোরণের চিহ্ন দেখতে পান। পরে সেখানে ইলেকট্রিক সার্কিট ও বিস্ফোরণের অন্যান্য আলামত পাওয়া যায়। খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। বিস্ফোরণের আলামত জব্দ করে পুলিশ।

বিস্ফোরণের ঘটনার প্রত্যক্ষদর্শী গাংনী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডাম সুমন জানান, সড়কের পাশে কয়েকটি দেবদারু গাছ ছিল। একই সময়ে গাছের উপরে একটি এবং মাটিতে আরেকটি বিস্ফোরণ হয়।

গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের আয়োজিত সমাবেশ বানচাল করতেই দুর্বৃত্তরা এই বিস্ফোরণ ঘটাতে পারে।

এদিকে বিকেল চারটার দিকে বাঁশবাড়িয়া বাজারের পাশে প্রধান সড়কের উপরে শোভাযাত্রা জন্য জড়ো হয়েছিলেন নেতাকর্মীরা। এর পার্শ্ববর্তী আনসার ভিডিপি ক্লাবের কাছ থেকে অবিস্ফোরিত আরেকটি টাইম বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। বিস্ফোরণ হওয়া বোমা সাদৃশ্য বস্তুর সঙ্গে এর মিল রয়েছে। দুটি ঘটনা একই সূত্রে গাথা বলে ধারণা করছে পুলিশ।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদন্ত) শিমুল কুমার দাস জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ‌ঘটনার রহস্য উদঘাটন এবং এর সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *