ওয়ান নিউজ ডেস্ক: নওগাঁর বদলগাছীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তারের অভিযানে গিয়ে তাকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ার অভিযোগে স্থানীয় থানার উপপরিদর্শক (এসআই) অসিত কুমারকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের দেওয়া তথ্যমতে, আদালতের সিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি ও উপজেলা ছাত্রলীগের সহসভাপতি রাকিবুল হাসানকে গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় গ্রেপ্তার করতে গিয়ে কর্তব্যে অবহেলা প্রদর্শন করে তাকে ছেড়ে দেন ওই এসআই; আর বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসার পরই রাতেই তাকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। তবে উপজেলার আক্কেলপুর গ্রামের বাসিন্দা ওই আসামিকে পালাতে দেওয়ার অভিযোগ ওঠার পর প্রত্যাহারাদেশ মাথায় নিয়েই ওই দিন ভোররাতে পুনরায় অভিযান চালিয়ে রাকিবুলকে গ্রেপ্তার করেন এসআই অসিত। এদিকে অর্থের বিনিময়ে আসামিকে ছেড়ে দেওয়ার গুঞ্জন সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে অভিযুক্ত এই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, প্রথমবার অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রাকিবুল মোটরসাইকেলযোগে পালিয়ে গিয়েছিল এবং পরবর্তীতে তিনিই তাকে গ্রেপ্তার করেছেন, তাই কোনো ছাত্রলীগ নেতাকে বিশেষ ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না।

