ওয়ান নিউজ ডেস্ক: মুক্তিযুদ্ধের ইতিহাসে কোনো অসত্য বা কলঙ্ক না রাখার প্রত্যয় ব্যক্ত করে দল ও মতের ঊর্ধ্বে উঠে সম্পূর্ণ নির্মোহভাবে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা যাচাই-বাছাইয়ের ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। বুধবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রকৃত তালিকা তৈরির উপায় নির্ধারণী বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, নতুন সরকার গঠনের পর নির্বাচনী প্রতিশ্রুতির আলোকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে এবং পূর্বে প্রকৃতদের সঙ্গে বিপুলসংখ্যক অমুক্তিযোদ্ধা ঢুকে পড়ায় ও শহীদ-বীরাঙ্গনাদের নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় এই শুদ্ধি অভিযানের উদ্যোগ নেওয়া হয়েছে। অমুক্তিযোদ্ধাদের নাম বাদ দেওয়ার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে উল্লেখ করে মন্ত্রী স্পষ্ট করেন যে স্বাধীনতার ৫৫ বছর পর আর নতুন কোনো আবেদন নেওয়ার সুযোগ নেই এবং ৭ অক্টোবরের পর থেকে কোনো নতুন আবেদন গ্রহণ করা হবে না; তবে পূর্বে জমা পড়া আবেদনগুলো জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) বিধিমালা অনুসরণ করে গঠিত কমিটি, সরেজমিন তদন্ত ও সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে কেবল যোগ্য বাদ পড়াদেরই তালিকায় আনা হবে। অতীতে রাজনৈতিকভাবে মুক্তিযোদ্ধা তৈরির যে প্রবণতা গড়ে উঠেছিল তা সম্পূর্ণ বন্ধ করে জাতিকে একটি স্বচ্ছ ইতিহাস উপহার দেওয়ার চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, বর্তমানে দেশে দুই লাখ তিন হাজারের কিছু বেশি মুক্তিযোদ্ধা রয়েছেন এবং এই জটিল যাচাই প্রক্রিয়া চূড়ান্ত হতে ঠিক কত সময় লাগবে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

