কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, নিহত ৭

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক:

কানাডার অ্যালবার্টা প্রদেশের একটি সামরিক ঘাঁটির কাছে ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক ব্যক্তির মৃত্যু ও অনেকে আহত হয়েছেন। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, শনিবার বিকালে ক্যাম্পেইন চলাকালীন আগুন লাগার এই ঘটনায় ক্ষয়ক্ষতি ও হতাহতের পূর্ণাঙ্গ তথ্য নিরূপণ করা হচ্ছে।

কানাডিয়ান আর্মড ফোর্সেস (সিএএফ)-এর অন্যতম ব্যস্ত সামরিক প্রশিক্ষণ কেন্দ্র কানাডিয়ান ফোর্সেস বেস ওয়েইনরাইট-এ স্থানীয় সময় শনিবার বিকেল চারটার দিকে আগুনের সূত্রপাত হয়। কানাডীয় টিভি নেটওয়ার্ক গ্লোবাল নিউজের প্রতিবেদনে বেনামি সামরিক সূত্রের বরাতে বলা হয়েছে, যুদ্ধাস্ত্রের সামরিক মহড়ার সময় একটি গ্যাস লাইন বা গ্যাস কূপে আঘাত লাগলে আগুন লেগে অন্তত সাতজন নিহত এবং বহু লোক আহত হন।

কানাডার প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগিন্টি পরিস্থিতিকে অত্যন্ত নাজুক বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, সাম্প্রতিক অতীতে এমন কোনও ঘটনার কথা আমার মনে পড়ে না। অগ্নিকাণ্ডের ঘটনায় শোক ও উদ্বেগ জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, আক্রান্ত সাহসী নারী ও পুরুষদের প্রতি আমার সমবেদনা। সিএএফ-এর চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল জেনি ক্যারিনান এটিকে প্রতিরক্ষা বাহিনীর জন্য একটি অত্যন্ত কঠিন মুহূর্ত বলে অভিহিত করেছেন।

রয়েল আলেকজান্দ্রা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ওয়ারেন থার্স্ক জানান, বিপুলসংখ্যক রোগীর চাপ সামলাতে এডমন্টনের হাসপাতালটিতে জরুরি দুর্যোগকালীন ‘কমলা কোড’ জারি করা হয়েছে। স্থানীয় পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া দমকা বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ঘাঁটির বেড়া পর্যন্ত পৌঁছে যায়, তবে পরবর্তীতে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

পরিস্থিতি সামাল দিতে অ্যালবার্টাকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে প্রতিবেশী প্রদেশ স্যাসকাচোয়ান ও ব্রিটিশ কলাম্বিয়া। সাধারণত প্রতিদিন প্রায় ৬৯০ জন সামরিক সদস্য ও ৩০০ জন বেসামরিক কর্মী ব্যস্ততম এই সামরিক ঘাঁটিতে কাজ করে থাকেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *