ওয়ান নিউজ ডেস্ক: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে শিক্ষা বোর্ডগুলো, যার মধ্যে ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) ফল প্রকাশের সম্ভাবনা সবচেয়ে প্রবল। ঢাকা শিক্ষা বোর্ডের একটি উচ্চপর্যায়ের সূত্র জানিয়েছে, সাধারণত বৃহস্পতিবারেই পাবলিক পরীক্ষার ফল প্রকাশের রেওয়াজ থাকায় ওই দিনটিকে ঘিরেই প্রস্তুতি চলছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আগামী রোববারের মধ্যেই ফল প্রকাশের সুনির্দিষ্ট তারিখ জানা যাবে বলে তারা আশাবাদী। উল্লেখ্য, গত ২ জুলাই থেকে শুরু হওয়া এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা থাকলেও বেশ কিছুসংখ্যক শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।

