নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্তে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ১ কেজি গাঁজা ও ১ হাজার পিস মাদকদ্রব্যের ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২২ নভেম্বর) কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৩ হাজার ৫০০ টাকা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (২১ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ রংমহল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার রংমহল মাঠে বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় ১ কেজি ভারতীয় গাঁজা, ৫০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৫০০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত সুরক্ষা, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং নিয়মিত টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

