শারদীয় দূর্গাপুজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্থলবন্দর দিয়ে প্রথম চালানে ১ হাজার ১৯২ কেজি ইলিশ মাছ ভারতে রপ্তানি হয়েছে।
বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে ২টি পিক-আপে করে মাছগুলো ত্রিপুরা রাজ্যের আগরতলা স্থলবন্দরে প্রবেশ করে। প্রতি কেজি ইলিশের দাম ধরা হয়েছে সাড়ে ১২ মার্কিন ডলার। এসব ইলিশ ভারতে রপ্তানী করেছে যশোরের বেনাপোলের মাহতাব এন্ড সন্স। মাছের আমদানীকারক আগরতলার পরিতোষ বিশ্বাস।
উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রেজাউল করিম বলেন, এবার দুর্গাপূজা উপলক্ষে শর্তসাপেক্ষে বাংলাদেশ থেকে এক হাজার ২০০ টন ইলিশ ভারতে রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। মোট ৩৭টি প্রতিষ্ঠান এসব ইলিশ রপ্তানির অনুমতি পেয়েছে। প্রতি কেজি সাড়ে ১২ ডলার নির্ধারণ করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) একটি চালানে ১ হাজার ১৯২ কেজি মাছ ভারতে পাঠানো হয়েছে।
স্থলবন্দরের মাছ রপ্তানীকারক মোঃ নেছার উদ্দিন ভূইয়া বলেন, ২টি পিক আপে ৫৩টি বক্সে ১ হাজার ১৯২মাছ পাঠানো হয়েছে। আজ বিকালে আরও কিছু ইলিশ পাঠানোর কথা রয়েছে।
উল্লেখ্য, ইলিশ রফতানি একসময় উন্মুক্ত থাকলেও, ২০১২ সালে উৎপাদন সংকটের কারণে তা বন্ধ করে দেয়া হয়। তবে ২০১৯ সাল থেকে দুর্গাপূজা উপলক্ষ্যে বিশেষ বিবেচনায় সীমিত পরিমাণে ইলিশ রফতানির সুযোগ দেওয়া হচ্ছে।
গত বছর ২ হাজার ৪২০ মেট্রিক টন ইলিশ মাছ রফতানির অনুমতি দেয়া হয়েছিল। কিন্তু রফতানি হয় এক হাজার ৩০৬ দশমিক ৮১৩ মেট্রিক টন ইলিশ। যা বাণিজ্য মন্ত্রণালয়ের দেয়া রফতানি আদেশের ৪৪ ভাগ। অনেক প্রতিষ্ঠান মাছ না পেয়ে ইলিশ রফতানি করতে পারেনি। এবারও মাছ সংকট ও অতিরিক্ত মূল্যের কারণে সব মাছ রফতানি করা সম্ভব হবে না বলে ধারণা করছে মাছ রফতানিকারক প্রতিষ্ঠানগুলো।
