ব্রাহ্মণবাড়িয়ায় লায়ন্স ক্লাব অব ঢাকা-ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে প্রথম চার্টার বার্ষিকী, রিসেপশন, ইনডাকশন ও ইনস্টলেশন অনুষ্ঠান। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন শংকর কুমার রায় মোনা। বিশেষ অতিথি ছিলেন ইমিডিয়েট পাস্ট জেলা গভর্নর লায়ন মোহাম্মদ হানিফ। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফার্স্ট ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মোহসিন ইমাম চৌধুরী এবং সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন এমরান ফারুক মঈন।
অনুষ্ঠানে উদ্বোধনী পর্বের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে মরুক উন্মোচন, লায়ন্স ক্লাবে নতুন তিনজন সদস্যের যোগদান ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। নতুন সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এছাড়া কেক কাটা, ক্রেস্ট প্রদানসহ নানা আনুষ্ঠানিকতা ছিল অনুষ্ঠানে।
“সেবা দিতে নেতৃত্ব, নেতৃত্ব দিতে সেবা” এবং “আমরা একসাথে চলি” স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা সমাজসেবা, মানবকল্যাণ ও নেতৃত্ব বিকাশে লায়ন্স ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান।
