ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে MBA in Finance of Banking পরীক্ষায় সারাদেশে প্রথম স্থান অর্জন করেছেন সাবেরা সুলতানা। অসাধারণ এই কৃতিত্বের স্বীকৃতি হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান করেছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন শিক্ষার্থীর মধ্যে সর্বোচ্চ ফলাফল অর্জন করায় সাবেরা সুলতানাকে এ সম্মাননা দেওয়া হয়। তার এ সাফল্য শিক্ষা ক্ষেত্রে কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও মেধার অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, সাবেরা সুলতানার এ অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়; বরং দেশের উচ্চশিক্ষায় মেধা ও অধ্যবসায়ের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। ভবিষ্যতে তার অর্জিত জ্ঞান দেশের অর্থনীতি ও বাণিজ্যিক খাতে কাজে লাগবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করা হয়েছে।
এদিকে সাবেরা সুলতানার এই সাফল্য ও এর বাস্তব প্রয়োগ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন মাননীয় শিক্ষা মন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলন এমপি। তিনি বলেন, সাবেরা সুলতানা যে শিক্ষা ও দক্ষতা অর্জন করেছেন, তা দেশের কাজে যথাযথভাবে ব্যবহার হচ্ছে কি না, সে বিষয়ে তিনি নিজ দায়িত্বে খোঁজ নেবেন।
শিক্ষা ও মানবসম্পদকে দেশের উন্নয়নের অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে উল্লেখ করে তিনি অর্জিত জ্ঞানকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।
সাবেরা সুলতানার এই অর্জনে তার পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা আনন্দ প্রকাশ করেছেন। তারা মনে করেন, তার এই সাফল্য দেশের অন্যান্য শিক্ষার্থীদেরও উচ্চশিক্ষা ও ভালো ফলাফলের জন্য অনুপ্রেরণা জোগাবে।
সাবেরা সুলতানা ও তার পরিবারের পক্ষ থেকে দেশের কল্যাণে অর্জিত শিক্ষা ও দক্ষতা কাজে লাগানোর সুযোগ এবং ভবিষ্যৎ সাফল্যের জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।
ওয়ান নিউজ ডেস্ক

