ওয়ান নিউজ ডেস্ক: এশিয়ান গেমসে পদকহীন ব্যর্থতার পর এবার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ ক্রিকেট দলের তিন খেলোয়াড় সাইফ হাসান, তাওহীদ হৃদয় ও রিশাদ হোসেন বড় অঙ্কের আর্থিক শাস্তির মুখে পড়তে যাচ্ছেন। সেমিফাইনালে পাকিস্তানের কাছে এবং তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৬৩ রানে হেরে ব্রোঞ্জ পদক হাতছাড়া করে বাংলাদেশ দল। তবে মাঠের চরম ব্যর্থতার মধ্যেই টিম ম্যানেজমেন্টের কোনো প্রকার পূর্বানুমতি না নিয়ে এক শহর থেকে অন্য শহরে ভ্রমণ করায় ওই তিন ক্রিকেটারের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। বিসিবির বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে, শৃঙ্খলা ভঙ্গের দায়ে এই তিন ক্রিকেটারের প্রত্যেককে ১ থেকে ২ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হচ্ছে এবং বিষয়টি ইতোমধ্যে তাদের অবগত করা হয়েছে।

