আন্তর্জাতিক ডেস্ক:
বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালনের পর পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন টিম কুক। তার স্থলাভিষিক্ত হচ্ছেন কোম্পানির হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রধান জন টার্নাস।
জানা গেছে, আগামী ১ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে সিইও হিসেবে দায়িত্ব নেবেন জন টার্নাস। তবে টিম কুক পুরোপুরি অ্যাপল ছেড়ে যাচ্ছেন না; তিনি কোম্পানির এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে নতুন দায়িত্ব পালন করবেন।
২০১১ সালে স্টিভ জবসের মৃত্যুর আগে তার উত্তরসূরি হিসেবে দায়িত্ব পান টিম কুক। এরপর তার নেতৃত্বে অ্যাপল ব্যাপক সাফল্য অর্জন করে। তার সময়েই প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো ১ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্য অতিক্রম করে এবং বর্তমানে তা কয়েক ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে।
বিদায়ী বার্তায় কুক বলেন, জন টার্নাস একজন দূরদর্শী নেতা এবং উদ্ভাবনী চিন্তার অধিকারী। তিনি বিশ্বাস করেন, টার্নাসের নেতৃত্বে অ্যাপল ভবিষ্যতে আরও এগিয়ে যাবে।
অ্যাপলের দীর্ঘদিনের কর্মকর্তা টার্নাস বিভিন্ন গুরুত্বপূর্ণ পণ্যের উন্নয়নে ভূমিকা রেখেছেন। আইফোন, আইপ্যাড, ম্যাক, অ্যাপল ওয়াচ এবং এয়ারপডসসহ একাধিক পণ্যের বিকাশে তার অবদান রয়েছে। বিশেষ করে ম্যাক কম্পিউটারে নিজস্ব চিপ ব্যবহারের সিদ্ধান্ত বাস্তবায়নে তার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ছিল।
টার্নাস নিজের প্রতিক্রিয়ায় টিম কুককে তার অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করে বলেন, তিনি নতুন দায়িত্বে কোম্পানিকে এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করবেন।
বিশ্লেষকদের মতে, হার্ডওয়্যার পটভূমির একজন নেতাকে সামনে এনে অ্যাপল নতুন উদ্ভাবনের দিকে জোর দিতে চাচ্ছে। ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা, স্মার্ট ডিভাইস ও নতুন প্রযুক্তির সমন্বয়ে প্রতিষ্ঠানটি বড় ধরনের পরিবর্তন আনতে পারে।
তবে নতুন সিইওর সামনে অন্যতম বড় চ্যালেঞ্জ হবে আইফোননির্ভরতা কমিয়ে অ্যাপলের জন্য নতুন আয়ের পথ তৈরি করা।
সূত্র: বিবিসি

