আরব সাগরে বিপদে পড়া ভারতীয় জাহাজে সহায়তায় পাকিস্তান নৌবাহিনী

আরব সাগরে বিপদে পড়া ভারতীয় জাহাজে সহায়তায় পাকিস্তান নৌবাহিনী

ডেস্ক রিপোর্ট:
আরব সাগরে যান্ত্রিক ত্রুটির কারণে আটকে পড়া একটি ভারতীয় বাণিজ্যিক জাহাজের নাবিকদের উদ্ধার ও সহায়তা দিয়েছে পাকিস্তান নৌবাহিনী। জাহাজটির ক্রুদের জন্য জরুরি খাদ্য, চিকিৎসা ও কারিগরি সহায়তা প্রদান করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ‘এমভি গৌতম’ নামের জাহাজটি ওমান থেকে ভারতের পথে যাত্রাকালে গুরুতর প্রযুক্তিগত সমস্যায় পড়ে সমুদ্রে অচল হয়ে যায়। জাহাজটিতে ছয়জন ভারতীয় এবং একজন ইন্দোনেশীয় নাবিক ছিলেন।

পরে ভারতের মেরিটাইম রেসকিউ কর্তৃপক্ষের অনুরোধে পাকিস্তান উদ্ধার অভিযান শুরু করে। এ কাজে পাকিস্তান নৌবাহিনীর একটি জাহাজ মোতায়েন করা হয়। উদ্ধার অভিযানে পাকিস্তান মেরিটাইম সিকিউরিটি এজেন্সিও অংশ নেয়।

পাকিস্তান নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, জাহাজটির নিরাপত্তা নিশ্চিত করা এবং নাবিকদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হয়েছে। পাশাপাশি কারিগরি সহায়তার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

এর আগেও উত্তর আরব সাগরে বিপদে পড়া বিভিন্ন দেশের নাবিকদের উদ্ধার করেছিল পাকিস্তান নৌবাহিনী। সাম্প্রতিক এই ঘটনাও দুই প্রতিবেশী দেশের মধ্যে মানবিক সহযোগিতার একটি উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *