আন্তর্জাতিক ডেস্ক:
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফার আলোচনার ঠিক আগে তেহরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বৈঠকের সম্ভাবনা তৈরি হলেও এই পদক্ষেপে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ জানায়, ইরানের অস্ত্র কর্মসূচিতে সহায়তার অভিযোগে ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, ইরানের ওপর চাপ বাড়িয়ে কূটনৈতিক সুবিধা আদায়ের কৌশলের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেন, আঞ্চলিক অস্থিরতা তৈরি এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহারের অভিযোগে ইরানকে জবাবদিহির আওতায় আনতেই এই ব্যবস্থা। তিনি আরও জানান, ‘ইকোনমিক ফিউরি’ কর্মসূচির মাধ্যমে ইরানের আর্থিক উৎস সংকুচিত করার প্রচেষ্টা চলবে।
এদিকে ইসলামাবাদে নির্ধারিত বৈঠক ঘিরে অনিশ্চয়তা বাড়ছে। ইরানের পক্ষ থেকে এখনো আলোচনায় অংশগ্রহণের বিষয়ে স্পষ্ট অবস্থান জানানো হয়নি।

