ওয়ান নিউজ ডেস্ক:
দেশের উচ্চশিক্ষা খাতের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আয়োজিত একটি বিশেষ কর্মশালায় অংশ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১২ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হবে এ কর্মশালা।
‘বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক এই আয়োজনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। কর্মশালাটি আয়োজন করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
সোমবার বিকেলে ইউজিসি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ। তিনি জানান, দেশের উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে এই কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ও প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিনসহ শিক্ষাঙ্গনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত থাকবেন।
কর্মশালায় পাঁচটি টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হবে, যেখানে উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণা, প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং দক্ষ মানবসম্পদ তৈরির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
সমাপনী অনুষ্ঠানে অংশ নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। এছাড়া বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরাও এতে অংশগ্রহণ করবেন।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরের শেষ দিকে দেশে ফেরার পর এটিই হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের অন্যতম গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিক সফর।

