ঐক্যের পথে বাধা ও চব্বিশের গণঅভ্যুত্থানকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে, দাবি থাকলে সংসদে জানান: প্রধানমন্ত্রী

ঐক্যের পথে বাধা ও চব্বিশের গণঅভ্যুত্থানকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে, দাবি থাকলে সংসদে জানান: প্রধানমন্ত্রী

ওয়ান নিউজ ডেস্ক: সরকার যখন দেশের সব মানুষকে নিয়ে একটি ঐক্যবদ্ধ সমাজ গড়ার লক্ষ্যে কাজ করছে, ঠিক তখনই একটি বিশেষ স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়ানোর অপকর্মে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রংপুর নগরীর রাধা গোবিন্দ মন্দিরের ধর্মসভা পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই কথা বলেন। সরকারপ্রধান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অতীতে যেমন মহান মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার অপচেষ্টা দেশের সাধারণ মানুষ মেনে নেয়নি, ঠিক তেমনি ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানকেও প্রশ্নবিদ্ধ করার কোনো চক্রান্ত সফল হতে দেওয়া হবে না; তাই কারও কোনো সুনির্দিষ্ট বক্তব্য বা দাবি থাকলে বাইরে বিভ্রান্তি না ছড়িয়ে তা জনপ্রতিনিধিদের মাধ্যমে জাতীয় সংসদে উত্থাপন করে গঠনমূলক আলোচনার আহ্বান জানান তিনি। বর্তমান সরকার দলমত নির্বিশেষে ভোটদাতা এবং ভোটদানে বিরত থাকা—সবার জন্যই সমানভাবে কাজ করতে বদ্ধপরিকর উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও জানান, রাষ্ট্রীয় অর্থনৈতিক সক্ষমতার ওপর ভিত্তি করে সুষম উন্নয়নের অংশ হিসেবে গত দুই সপ্তাহে একনেক সভায় কেবল রংপুর মহানগরের জন্যই এক হাজার আটশো কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর পাশাপাশি স্থানীয় সরকার ব্যবস্থার অধীনে জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও প্রান্তিক পর্যায়ে সেতু, কালভার্ট এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে রাজনৈতিক ও সামাজিক সব ভেদাভেদ ভুলে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে একযোগে কাজ করার উদাত্ত আহ্বান জানান সরকারপ্রধান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *