কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন: ঢাকার একই পরিবারের ৬ জনসহ নিহত ১০

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন: ঢাকার একই পরিবারের ৬ জনসহ নিহত ১০

ওয়ান নিউজ ডেস্ক: কক্সবাজারের ইনানী সংলগ্ন পাটোয়ারটেক মেরিন ড্রাইভ এলাকার ‘টুপটুপ’ নামক একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকার বনশ্রীর একই পরিবারের ছয় সদস্যসহ মোট ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল আটটার দিকে ঘটা এই ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে আরও ছয়জন দগ্ধ হওয়ার পাশাপাশি বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, প্রাণ হারানো দশজনের মধ্যে বনশ্রীর বাসিন্দা আশিকুলের পরিবারের ছয় সদস্য—ফারিয়া কবির, নাফিস ইবতে হামিদ, পাঁচ বছর বয়সী শিশু ফাইজান, মিথিলা মেহজাবিন, লাইলা জাহান নাবিলা এবং মালিহা রয়েছেন এবং ওই পরিবারের আরও তিনজন বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন। অন্যদিকে, আহত মান্নান, মেহেরুন্নেসা, মাসুদ, সামিদা, নাফিজা নওয়ার খান ও সাহাবুদ্দিনের মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোরশেদ জানান, খবর পেয়ে তাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে টানা দুই ঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়, যেখানে উদ্ধারকাজে সহায়তার জন্য বিজিবি সদস্যরাও যোগ দিয়েছিলেন। উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার নিশ্চিত করেছেন যে, ওই সময় রিসোর্টটিতে মোট ২৭ জন অতিথির বুকিং থাকলেও সৌভাগ্যক্রমে নয়জন বাইরে অবস্থান করছিলেন। কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান জানান, প্রাথমিকভাবে রিসোর্টের রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে এবং প্রকৃত কারণ উদ্ঘাটনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনার পরপরই রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে বলে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *