ওয়ান নিউজ ডেস্ক: রাশিয়া থেকে আসা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পারমাণবিক জ্বালানির (ইউরেনিয়াম) একটি বিশেষ চালান কড়া নিরাপত্তাব্যবস্থায় পাবনার রূপপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে। শনিবার (৩ অক্টোবর) সকাল আনুমানিক সাড়ে ৭টায় তিনটি বিশেষ জ্বালানিবাহী লরি ঢাকা থেকে রূপপুরের উদ্দেশ্যে রওনা হয় এবং দুপুরের মধ্যেই তা প্রকল্প এলাকায় পৌঁছানোর কথা রয়েছে বলে নিশ্চিত করেছেন প্রকল্প পরিচালনার দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. জায়েদুল হাসান। এর আগে শুক্রবার (২ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে রাশিয়া থেকে একটি বিশেষ কার্গো বিমানের মাধ্যমে এই পারমাণবিক জ্বালানি দেশে পৌঁছায়। পাবনার ঈশ্বরদীতে রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় প্রায় ১২ দশমিক ৬৫ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এই কেন্দ্রের দুটি ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর পূর্ণ উৎপাদনে গেলে জাতীয় গ্রিডে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে, যা দেশের সামগ্রিক বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

