ওয়ান নিউজ ডেস্ক:
পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এরই মধ্যে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হচ্ছেন—তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা। শপথ অনুষ্ঠানের একদিন আগে কলকাতায় পৌঁছেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
শুক্রবার (৮ মে) সকালে কলকাতায় পৌঁছে তিনি প্রথমে দক্ষিণেশ্বর মন্দিরে যান এবং সেখানে পূজা দেন। এরপর দলের নেতাদের সঙ্গে বৈঠকে অংশ নিতে নিউটাউনের একটি হোটেলে যাওয়ার কথা রয়েছে।
ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, বিকেলে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে নবনির্বাচিত বিজেপি বিধায়কদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন অমিত শাহ। সেখানেই পরিষদীয় দলনেতা নির্বাচন করা হতে পারে, যিনি পরবর্তীতে মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন।
বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গে সরকার গঠন প্রক্রিয়া তদারকির দায়িত্ব দিয়েছে অমিত শাহকে। তার সঙ্গে সহ-পর্যবেক্ষক হিসেবে রয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি।
দলীয় সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রীর দৌড়ে কয়েকজন নেতার নাম আলোচনায় থাকলেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম সবচেয়ে বেশি শোনা যাচ্ছে। তবে শেষ মুহূর্তে অন্য কাউকে দায়িত্ব দেওয়া হতে পারে বলেও রাজনৈতিক মহলে জল্পনা রয়েছে।
আগামীকাল শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন সরকারের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মুখ্যমন্ত্রী হিসেবে যাকে চূড়ান্ত করা হবে, তিনিই পরে রাজ্যপালের কাছে সরকার গঠনের আনুষ্ঠানিক দাবি জানাবেন।

