ওয়ান নিউজ ডেস্ক:
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় গুলিতে মো. ইমন হোসেন নামে ইউপিডিএফ গণতান্ত্রিকের এক সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ মে) ভোরে উপজেলার ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইমন হোসেন পানছড়ি উপজেলার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ভোরে নিজ বাড়ির সামনে অবস্থানকালে একদল সশস্ত্র ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত এলাকা ত্যাগ করে।
ইউপিডিএফ গণতান্ত্রিকের পক্ষ থেকে দাবি করা হয়েছে, নিহত ব্যক্তি তাদের সক্রিয় সদস্য ছিলেন। সংগঠনটির স্থানীয় এক নেতা এই হত্যাকাণ্ডের জন্য প্রতিদ্বন্দ্বী একটি গ্রুপকে দায়ী করেছেন।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। পানছড়ি থানার পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধারসহ ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।
সাম্প্রতিক সময়ে পাহাড়ি এলাকায় বিভিন্ন সশস্ত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ও সহিংসতার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে।

