বিনোদন ডেস্ক:
ভারতের জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহানকে আবারও তলব করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। রেশন দুর্নীতি সংক্রান্ত মামলার তদন্তের অংশ হিসেবে তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র জানায়, ২২ এপ্রিল ইডির দপ্তরে উপস্থিত হতে বলা হয়েছে নুসরাতকে। এর ঠিক পরদিনই পশ্চিমবঙ্গে প্রথম দফার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যা বিষয়টিকে আরও আলোচনায় এনেছে।
তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, একটি সূত্রের ভিত্তিতে এই মামলায় নুসরাত জাহানের নাম উঠে এসেছে। বিশেষ করে অতীতে বাংলাদেশে গম পাচারের অভিযোগ ওঠার সময় তিনি বসিরহাটের সংসদ সদস্য ছিলেন। সেই সময় কোনো আর্থিক লেনদেন হয়েছিল কি না, তা খতিয়ে দেখতেই তাকে তলব করা হয়েছে।
তবে তিনি কলকাতা না দিল্লির দপ্তরে হাজিরা দেবেন, তা নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। জানা গেছে, তিনি দিল্লিতে উপস্থিত হওয়ার আবেদন জানিয়েছেন।
এদিকে, সাম্প্রতিক সময়ে নুসরাত জাহান অভিনেতা যশের সঙ্গে বিদেশে অবকাশ যাপনে রয়েছেন এবং সামাজিক মাধ্যমে সেই মুহূর্তের ছবি শেয়ার করছেন। এর মধ্যেই ইডির সমন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
উল্লেখ্য, এর আগেও ফ্ল্যাট সংক্রান্ত দুর্নীতির অভিযোগে তাকে ইডির মুখোমুখি হতে হয়েছিল। তবে সর্বশেষ তলব নিয়ে তার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

