গুরুত্বপূর্ণ সফরে ঢাকায় আসছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

গুরুত্বপূর্ণ সফরে ঢাকায় আসছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

ওয়ান নিউজ ডেস্ক:
দুই দিনের সরকারি সফরে শুক্রবার (৮ মে) ঢাকায় আসছেন পাকিস্তানের স্বরাষ্ট্র ও মাদক নিয়ন্ত্রণবিষয়ক মন্ত্রী মহসিন রেজা নাকভি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধির প্রেক্ষাপটে এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পাকিস্তান সরকারের কোনো মন্ত্রীর এটিই প্রথম বাংলাদেশ সফর। সফরকালে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৈঠকে দুই দেশের নিরাপত্তা সহযোগিতা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। পাশাপাশি একটি নিরাপত্তা সংক্রান্ত চুক্তি স্বাক্ষরেরও সম্ভাবনা রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, মহসিন নাকভি ভোরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছাবেন। এ সফরে তার স্ত্রীও সঙ্গে থাকবেন।

সফরকে ঘিরে প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রটোকল ব্যবস্থা ইতোমধ্যে সম্পন্ন করেছে বাংলাদেশ সরকার। পাকিস্তান হাইকমিশনের অনুরোধে সফরকারী প্রতিনিধিদলের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এদিকে অতিথিদের জন্য বাংলাদেশি ঐতিহ্যের অংশ হিসেবে তাঁতের শাড়ি ও পাঞ্জাবি উপহার প্রস্তুত রাখা হয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক নতুন মাত্রা পাচ্ছে এবং এই সফর দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে ভূমিকা রাখতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *