ওয়ান নিউজ ডেস্ক: রাজবাড়ীর পাংশা উপজেলার যশাই ইউনিয়নের নিভাকেষ্টপুর গ্রামে চাঁদা না পেয়ে এক প্রবাসীর মাছের ঘেরে ভাঙচুর ও পুকুরে বিষপ্রয়োগ করে লাখ লাখ টাকার মাছ নিধনের অভিযোগে কালাম মন্ডল নামে স্থানীয় এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেলে আটক হওয়া কালাম মন্ডল যশাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন; যার বিরুদ্ধে সিঙ্গাপুরপ্রবাসী মো. আসাদ মন্ডলের প্রজেক্টে হামলা এবং প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ এনেছেন ভুক্তভোগী। স্থানীয় সূত্র ও অভিযোগ অনুযায়ী, ১৬-১৭ বছর প্রবাসে উপার্জিত অর্থে দুই বিঘা জমিতে গড়ে তোলা এই প্রকল্পের জমি দাবি ও চাঁদা চেয়ে আসছিলেন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান প্রামাণিক ও সাধারণ সম্পাদক কালাম মন্ডল; যার ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে বহিরাগতদের নিয়ে ঘের ভাঙচুর ও ৫০ কাঁদি কলা লুটের পর পুলিশের পরিদর্শন সত্ত্বেও একই রাতে পুকুরে বিষ ঢেলে দেওয়া হয়। এ ঘটনায় প্রজেক্টের মালিকের পাশাপাশি সেখানকার ২০ জন শ্রমিকও বিপাকে পড়েছেন বলে জানিয়েছেন কর্মচারী সুমন মন্ডল; তবে অভিযুক্ত সভাপতি মান্নান প্রামাণিক পলাতক থাকায় তার কোনো মন্তব্য মেলেনি। পাংশা মডেল থানার ওসি (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত প্রবাসীর লিখিত অভিযোগের ভিত্তিতে কালাম মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

