চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি

ওয়ান নিউজ ডেস্ক:
বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্য বৃদ্ধি পাওয়ায় দেশের চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে এই সতর্ক সংকেত অনুসরণ করতে হবে। এর ফলে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানী ঢাকাসহ দেশের বেশ কয়েকটি অঞ্চলে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। ভোর থেকে দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

বিশেষভাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে ঢাকা, টাঙ্গাইল, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে মাঝারি মাত্রার দমকা হাওয়ার সম্ভাবনা থাকায় এসব এলাকার নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বৈশাখ মাসের এই ধরনের ঝড় দ্রুত তীব্র রূপ নিতে পারে। তাই সংশ্লিষ্ট এলাকায় বসবাসকারী মানুষকে আগাম সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *