ওয়ান নিউজ ডেস্ক | স্পোর্টস
দীর্ঘ সময় চোটের সঙ্গে লড়াইয়ের পর অবশেষে ব্রাজিল জাতীয় দলে ফিরলেন নেইমার জুনিয়র। আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ঘোষিত ২৬ সদস্যের স্কোয়াডে জায়গা পেয়েছেন এই তারকা ফরোয়ার্ড। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির দল ঘোষণার পর থেকেই আলোচনায় উঠে এসেছে—কেন আবারও নেইমারের ওপর আস্থা রাখলেন তিনি?
সোমবার (১৮ মে) রাতে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেন আনচেলত্তি। সেখানে নেইমারের নাম দেখে স্বস্তি ফিরেছে ব্রাজিল সমর্থকদের মধ্যে।
দল ঘোষণার পর আনচেলত্তি জানান, গত কয়েক মাস ধরে নেইমারের শারীরিক অবস্থা ও মাঠে ফেরার ধারাবাহিকতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। অভিজ্ঞতা ও ম্যাচ পরিস্থিতি সামলানোর ক্ষমতার কারণেই তাকে দলে রাখা হয়েছে বলে জানান ইতালিয়ান এই কোচ।
আনচেলত্তির ভাষায়, বড় টুর্নামেন্টে অভিজ্ঞ খেলোয়াড়দের গুরুত্ব আলাদা। নেইমারের উপস্থিতি শুধু মাঠেই নয়, পুরো দলের আত্মবিশ্বাস বাড়াতেও ভূমিকা রাখবে।
২০২৩ সালের অক্টোবরে বিশ্বকাপ বাছাইপর্বে গুরুতর হাঁটুর চোটে আক্রান্ত হওয়ার পর দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন নেইমার। এরপর একাধিকবার চোটে পড়ে ছন্দ হারালেও সাম্প্রতিক সময়ে নিজের ফিটনেসে উন্নতি এনেছেন তিনি।
ব্রাজিল কোচ আরও বলেন, একাদশে কে খেলবেন সেটি নির্ভর করবে অনুশীলন ও ম্যাচ প্রস্তুতির ওপর। নেইমারকেও অন্যদের মতোই নিজের জায়গা প্রমাণ করতে হবে।
বিশ্লেষকদের মতে, গত এক দশকে ব্রাজিল দল অনেকটাই নেইমারনির্ভর হয়ে উঠেছিল। তার অনুপস্থিতিতে দল ছন্দ হারানোর ঘটনাও একাধিকবার দেখা গেছে। তাই বিশ্বকাপের মতো বড় মঞ্চে অভিজ্ঞ এই ফুটবলারের উপস্থিতি ব্রাজিলের জন্য বাড়তি আত্মবিশ্বাস হিসেবে কাজ করতে পারে।
আগামী ১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপে ব্রাজিলের ‘হেক্সা মিশন’-এ নেইমার কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন, এখন সেটিই দেখার অপেক্ষা ফুটবলপ্রেমীদের।

