জ্বালানির দামের প্রভাবে বাসভাড়া সমন্বয়, কিলোমিটারে বাড়ল ১১ পয়সা

জ্বালানির দামের প্রভাবে বাসভাড়া সমন্বয়, কিলোমিটারে বাড়ল ১১ পয়সা

নিজস্ব প্রতিবেদক:

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে সড়ক পরিবহনের ভাড়া সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাসভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, নতুন ভাড়া আজ থেকেই কার্যকর হবে এবং এটি মূলত ডিজেলচালিত বাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সিএনজিচালিত বাসের ভাড়ায় কোনো পরিবর্তন আনা হয়নি।

মন্ত্রী জানান, ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় কিলোমিটারপ্রতি ভাড়া ১১ পয়সা বাড়ানো হয়েছে। একই হার আন্তঃজেলা বাস ও মিনিবাসের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় পরিবহন খাতে ব্যয় বেড়েছে। সরকার দীর্ঘ সময় ধরে জ্বালানির দাম স্থিতিশীল রাখার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা সমন্বয় করতে হয়েছে।

সড়কমন্ত্রী দাবি করেন, এটি সরাসরি ভাড়া বৃদ্ধি নয়, বরং জ্বালানির দামের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি সমন্বয়মূলক পদক্ষেপ। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে একাধিক দফা আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *