ঝুঁকিপূর্ণ প্রাথমিক বিদ্যালয়ের তালিকা চাইল সরকার

ঝুঁকিপূর্ণ প্রাথমিক বিদ্যালয়ের তালিকা চাইল সরকার

২৫ বছরেও ভবন না পাওয়া স্কুলগুলোর তথ্য পাঠানোর নির্দেশ

ওয়ান নিউজ ডেস্ক:
দেশজুড়ে ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর তথ্য সংগ্রহে উদ্যোগ নিয়েছে সরকার। একইসঙ্গে দীর্ঘ ২৫ বছরেও যেসব বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ হয়নি, সেসব শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকাও চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।

বুধবার (১৩ মে) অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মিরাজুল ইসলাম উকিল স্বাক্ষরিত এক জরুরি নির্দেশনায় দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে এ তথ্য দ্রুত পাঠাতে বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, বহু বিদ্যালয়ে অবকাঠামোগত ঝুঁকি থাকা সত্ত্বেও এখনো পাঠদান কার্যক্রম চালু রয়েছে। বিশেষ করে যেসব ভবনের ছাদ, বীম কিংবা কলামে ফাটল দেখা দিয়েছে, প্লাস্টার খসে রড বের হয়ে এসেছে বা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে—সেসব ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করতে হবে।

এছাড়া স্থানীয় কমিটির মাধ্যমে অকেজো ঘোষণা করা ভবনগুলোও তালিকাভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। টিনশেড বা অস্থায়ী কক্ষে পরিচালিত বিদ্যালয়গুলোকে ভবিষ্যৎ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনার কথাও উল্লেখ করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে এখনও বহু বিদ্যালয় পুরোনো ও অনিরাপদ ভবনে পরিচালিত হচ্ছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এসব প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ করে নতুন ভবন নির্মাণ ও সংস্কার পরিকল্পনা নেওয়া হবে।

আগামী ২৪ মে’র মধ্যে জেলা ভিত্তিক পূর্ণাঙ্গ তথ্য নির্ধারিত ছকে সফট কপি ও হার্ড কপি আকারে পাঠাতে বলা হয়েছে। এ সংক্রান্ত চিঠির অনুলিপি বিভাগীয় উপপরিচালক, উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *