টানা দু’বার এসএসসি-তে ব্যর্থতা, গাংনীতে এক শিক্ষার্থীর আত্মহত্যা

টানা দু’বার এসএসসি-তে ব্যর্থতা, গাংনীতে এক শিক্ষার্থীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক:

এসএসসি পরীক্ষায় টানা দ্বিতীয়বারের মতো অকৃতকার্য হওয়ার হতাশা ও পরিবারের বকাবকিতে মেহেরপুরের গাংনীতে রামিদুজ্জামান টুটুল নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে নিজ ঘরের সিলিং ফ্যান থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন স্বজনরা।

নিহত টুটুল উপজেলার কোদালইকাটি গ্রামের পশ্চিমপাড়ার ইমারত নির্মাণ শ্রমিক মিন্টু হোসেনের ছেলে। সে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি মাধ্যমিক বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

স্থানীয় ও স্বজন সূত্রে জানা যায়, গত বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয়েছিল টুটুল। এবছর পুনরায় পরীক্ষা দিয়েও কাঙ্ক্ষিত ফল না আসায় পরিবারের সদস্যরা তাকে বকাবকি করেন। এতে অভিমান করে রাতের কোনো এক সময় সে নিজ ঘরে ফ্যানের সাথে গলায় ফাঁস দেয়। সকালে পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে ঘরে গিয়ে ফ্যানের সাথে ঝুলতে দেখেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে নিচে নামানো হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। আত্মহত্যার প্রকৃত কারণ নিশ্চিত হতে পুলিশ কাজ করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *