ওয়ান নিউজ ডেস্ক: বগুড়ার ধুনট উপজেলায় একটি প্রতারণা সংক্রান্ত অভিযোগের তদন্ত করতে গিয়ে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ানোর দায়ে মোস্তাফিজার রহমান নামের এক উপ-পরিদর্শককে (এসআই) থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ জুন জোড়শিমুল গ্রামের এক নারী তার ছেলেকে মধ্যপ্রাচ্যে পাঠানোর বিষয়ে এক দালালের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে সেটির তদন্তভার পান এসআই মোস্তাফিজার। তদন্তের খাতিরে ওই বাড়িতে নিয়মিত যাতায়াতের একপর্যায়ে অভিযোগকারীর প্রবাসী ছেলের স্ত্রীর সঙ্গে তিনি আপত্তিকর সম্পর্কে জড়িয়ে পড়েন এবং তাদের মাঝে মুঠোফোনে বিভিন্ন অশালীন কথোপকথন হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসার পর ধুনট থানার পরিদর্শক (তদন্ত) শুকুর আলীকে ঘটনাটি খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়। তদন্ত সাপেক্ষে তাদের কথোপকথনের অডিও ক্লিপসহ গত ১০ জুলাই প্রতিবেদন জমা পড়ার পর ১২ জুলাই জেলা পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ অভিযুক্ত এসআইকে প্রত্যাহারের নির্দেশ দেন এবং সোমবার (১৩ জুলাই) দুপুরে তাকে ছাড়পত্র প্রদান করা হয়। এদিকে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতাউর রহমান এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, পুরো বিষয়টি নিয়ে বর্তমানে অধিকতর তদন্ত চলমান রয়েছে এবং এর ওপর ভিত্তি করে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্তও করা হতে পারে।

